প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন জুলাই সনদে সই করার জন্য, প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদে বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এক সমাবেশের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মুক্তমঞ্চে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য।
আরও পড়ুন: জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে
যেই জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। এর কোনো নড়চড় হবে না।
তারেক রহমান বলেন, ‘যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ এসব জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে; বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আসুন আজকে আমরা সজাগ থাকি।’
বগুড়া ও শেরপুরের নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে নির্বাচন-উপনির্বাচন হয়েছে, সেখানে মানুষ শান্তিতে আছে। সেখানে পরিস্থিতি ঠান্ডা। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়।’
আরও পড়ুন: কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৭ নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে পৌঁছে মওলানা ভাসানীর কবর জিয়ারত ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

