খুব শিগগিরই ১০ম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আজ জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করা হয়।
আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।
এদিকে, বিরোধী দলীয় সংসদ সদস্য নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হুমকি-হামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা এবং জেলা পর্যায়ে সুরক্ষা উদ্যোগ জোরদার।
আরও পড়ুন: জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন চারটি টিভি চ্যানেল রয়েছে। এছাড়া ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণাঙ্গ সম্প্রচারে রয়েছে ৩৭টি চ্যানেল। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের জন্য আবেদন অপেক্ষমাণ নেই বলেও জানান মন্ত্রী।
ভবিষ্যতে নতুন টিভি চ্যানেল অনুমোদনের ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন।

