বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। নতুন করে তিনজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী সরকারে যুক্ত হয়েছেন। এছাড়া একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। শপথের পর রাতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। কিছুক্ষণ পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা জানা গেছে।
মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর শূন্য পদে দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। তবে তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও আগের পদে থাকবেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন খলিলুর রহমান।
আরও পড়ুন: ‘গোলাপি বাস’ নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘সফল নারীদের মেনে নিতে পারি না’
শুক্রবার শপথ নেওয়া নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া রশিদুজ্জামান মিল্লাত আগে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি পদোন্নতি পেয়ে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

