বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নিয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির সদস্য এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
আরও পড়ুন: এলএলবি পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পরবর্তীতে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন।

