প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স পুল গঠনের উদ্যোগ সরকারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রতিকী ছবি
প্রতিকী ছবি|ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শ্রেণি কার্যক্রমে বিঘ্ন কমাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিসোর্স পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক অনুপস্থিতি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসাজনিত ছুটির কারণে পাঠদানে যে ঘাটতি তৈরি হয়, তা মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিলে এই রিসোর্স পুলের অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাঠদানে অংশ নেবেন। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে নিয়ে রিসোর্স পুল গঠনের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রাথমিক, মাধ্যমিক বা মাদ্রাসা পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে, বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, রিসোর্স পারসন হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং অ্যাকাডেমিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার। শিক্ষক রয়েছেন ৩ লাখ ৫৯ হাজারের বেশি। তবে প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি পদের মধ্যে ৩৪ হাজারেরও বেশি শূন্য রয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ২০ হাজার সহকারী শিক্ষকের পদও খালি।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। দেশের প্রায় অর্ধেকের বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও শিক্ষণ কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি একটি তাৎক্ষণিক সমাধান হিসেবে কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে শিক্ষক সংকট নিরসনে স্থায়ী নিয়োগ ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!