দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এল ৫ হাজার ৫৯৭ কোটি টাকা
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য। এজন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম, শিক্ষাক্রম ও শিক্ষা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকায় চীনা দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ বি এম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

