প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি সেখানে পৌঁছান।
তাঁর আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে জনসমাগমের বিস্তৃতি পশ্চিমে কাকরাইল ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত ঠেকে। আশপাশের অলিগলিতেও তিল ধারনের ঠাঁই ছিল না।
সামনের সড়কে অবস্থানরত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানকে বেশ বেগ পোহাতে হয়। বারান্দায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে খাটো করে এমন কিছু বলা যাবে না: প্রধানমন্ত্রী
দলীয় সূত্র জানায়, সেখানে বিভিন্ন দাফতরিক কাজ সারবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে শনিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস থামাতে তিনি বলেন, কাল নয়াপল্টনে আসব। তোমাদের দেখতে চাই। দেখব কারা কারা আসো। এ সময় খুশিতে নেতাকর্মীরা স্লোগান দেন।
দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর সর্বশেষ ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।
আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক অ্যাডভোকেট আব্দুস সালাম ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপিসহ কেন্দ্রীয় নেতারা।

