রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, "আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করল, কী করল—আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।"
আরও পড়ুন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন এবং এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা চলছে, সে বিষয়ে স্পিকার বলেন, তিনিও গণমাধ্যমে যা এসেছে, সেটুকুই শুনেছেন। এ বিষয়ে তিনি কোনো অনুমানভিত্তিক মন্তব্য করতে চান না।
নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার জানান, আগামী ২৬ জুলাই ফেরার কথা থাকলেও ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় তিনি আগেই দেশে ফিরেছেন।
আরও পড়ুন: এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব জাতীয় সংসদের এবং তা ৯০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়।
উল্লেখ্য, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিধান এবং ১২৩(১) অনুচ্ছেদে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতার কথা উল্লেখ রয়েছে।

