রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা

জিটি রিপোর্ট

প্রকাশ:

১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার
১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার|ছবি: জিটি সম্পাদিত

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মীদের আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ১২ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠক করে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডের তিনদিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক সরকারি কর্মচারী আর্থিক চাপে পড়ছেন। এর ফলে তাদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে, যা দাপ্তরিক দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন বলেন, ডিসি সম্মেলনে উত্থাপিত উন্নয়ন-সংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় করণীয় জানানো হয়েছে। পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত জানাতে বলা হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে রেশন সুবিধা সরকারি কর্মচারীদের জন্য সহায়ক হবে। তবে এ সুবিধা বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

প্রস্তাব অনুযায়ী, ১২তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অডিটর ও জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পিয়ন, মালী ও পরিচ্ছন্নতাকর্মীদের এ সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা সুলভ মূল্যে রেশন সুবিধা পান।

পুলিশ বাহিনীতে চার সদস্যের একটি পরিবারের জন্য মাসিক রেশন হিসেবে সাধারণত ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি ডাল, সাড়ে ৪ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি চিনি বরাদ্দ দেওয়া হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!