কক্সবাজারের টেকনাফে সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর কাছাকাছি এলাকা থেকে মিয়ানমারের আরাকান আর্মি দুটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দুইটার দিকে নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
আরও পড়ুন: সংবিধান ও ‘জুলাই সনদে’ ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর
এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘আমার এলাকার পাঁচ জেলে ও শাহপরীরদ্বীপের তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের আরাকান বাহিনী তাদের ধরে নিয়ে যায়। তারা সকাল সাতটার দিকে মাছ ধরতে যায় এবং দুপুর দুইটার দিকে মাছ শিকার শেষে ফেরার সময় তাদের আটক করা হয়।’
ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা খুবই গরিব। মাছ ধরতে পারলে খেতে পারি, না হলে পারি না। এখন যদি আমার স্বামী ফিরে না আসে, আমাদের না খেয়ে থাকতে হবে।’
আরও পড়ুন: বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, ‘আমার নৌকা নিয়ে চারজন জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে। তারা খুবই দরিদ্র জেলে। আমি দ্রুত তাদের ফেরত আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার জন্য বলা হয়েছে। তথ্য পাওয়ার পর তাদের ফেরত আনার কার্যক্রম শুরু করা হবে।’
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের গেজেট প্রকাশ
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

