স্কুল শিক্ষার্থীদের জন্য জাদুঘর পরিদর্শন ফ্রি করার উদ্যোগ সরকারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

সপ্তাহে একদিন শিক্ষার্থীরা ফ্রি দেখতে পারবে জুলাই জাদুঘর
সপ্তাহে একদিন শিক্ষার্থীরা ফ্রি দেখতে পারবে জুলাই জাদুঘর|ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের জন্য সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণের সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

আরও পড়ুন: জোর করে পাস করানো যায় না, ফলাফল ড্রপ হয়েছে বলা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে টিকিট লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, টিকিট ফ্রি, ইটস ফ্রি অব কস্ট।’

তিনি জানান, এ উদ্যোগ শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে, সেখানেও স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়।’

তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য জাদুঘরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে ভারতীয় হাইকমিশনার

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথাও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, শুরুতে মানুষের ব্যাপক আগ্রহের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনা সমস্যা হয়েছিল। পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে শৃঙ্খলার সঙ্গে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের পাশাপাশি জাদুঘর পরিদর্শনে আরও আগ্রহী হয়ে উঠবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!