২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহতদের মধ্যে ৩২ জনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “শুধু ঢাকাতেই ৩২ জন নিহতের নাম-ঠিকানা পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও হতাহতের ঘটনা ঘটেছে।”
আরও পড়ুন: গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
চিফ প্রসিকিউটর জানান, তদন্তে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনাকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর লাশ গুম ও গণকবর দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “আমরা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কাজ করছি, যাতে প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসে এবং নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়। ইতোমধ্যে তদন্তের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে আশা করছি।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার তদন্তে নতুন মোড়
প্রসঙ্গত, এক দশক আগে ঘটে যাওয়া এই ঘটনায় ২০২৪ সালের ২৬ নভেম্বর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ মোট ৫০ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

