২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), তৎকালীন বিজিবি মহাপরিচালকসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। সেই প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান পদে স্নাতক পাস বাধ্যতামূলক করার দাবিতে হাইকোর্টের রুল
নিহতের সংখ্যা সম্পর্কে তিনি বলেন, তদন্তে এ পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্ত কার্যক্রমের অগ্রগতির সঙ্গে এ সংক্রান্ত আরও তথ্য যুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধি অনুযায়ী, অভিযোগটি প্রাথমিকভাবে পর্যালোচনা করে পরবর্তী বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

