শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাজাপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

আরও পড়ুন: ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের বিষয়ে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

এ ছাড়া দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সরকার তথ্য বিবরণীতে আশা প্রকাশ করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!