জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, ‘এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। যে দল দেশের জন্মেরই বিরুদ্ধে ছিল, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। আমি এই মহান সংসদে দাবি জানাচ্ছি, ফ্যাসিস্টদের মতো তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হোক।’
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: আপনি গরিব থাকতে চাইলে কেউ ধনী করতে পারবে না: আবু আহমেদ
রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, নামের শেষে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। যারা ধর্মের নামে রাজনীতি করে, তারা গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, বিড়ির সুখটান নিয়েও তারা বলেছিল সব পাপ মওকুফ হয়ে যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যের মাধ্যমে তারা ইসলামের নামে রাজনীতি করে আসছে।’

