দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে।
সোমবার (১১ মে) দুপুরে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসকে কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে দেখা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন
তিনি আরও বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। পুলিশ প্রশাসনই সরকারের আয়না। তাই পুলিশের সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির প্রধান ভিত্তি।’
তারেক রহমান বলেন, ‘জুলাই সনদের প্রতিটি ধাপ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তার বড় একটি অংশ নির্ভর করে পুলিশের আচরণ ও কর্মকাণ্ডের ওপর। এজন্য বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি আরও বেশি রপ্ত করতে হবে।’
আরও পড়ুন: অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ২ জুনের মধ্যে চূড়ান্ত
সরকারপ্রধান বলেন, ‘রূপপুর প্রকল্প, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় ব্যয় না হলে বিভিন্ন খাতে আরও ভালোভাবে কাজ করা সম্ভব হতো। সরকার ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস/এম

