প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঢাবির ছাত্র ছিলেন কি না— তা নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন ড. আসিফ নজরুল।
আরও পড়ুন: নিত্যপণ্যে কর ছাড়, বিলাস পণ্যে বাড়তি করের পরিকল্পনা সরকারের
তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।”
তিনি আরও বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুবের মতো পরিচিত ব্যক্তিরা ছিলেন।
আরও পড়ুন: ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করল সরকার
ড. আসিফ নজরুলের মতে, সে সময় দেশে এরশাদ সরকারের শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
এস/এম

