আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে বেকারি পণ্যের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে হস্তচালিত বেকারি মালিকদের সংগঠন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
বেকারি মালিকরা জানিয়েছেন, ওই সময় থেকে পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে কিছু ক্ষেত্রে দাম অপরিবর্তিত রেখে পণ্যের ওজন কমিয়ে মূল্য সমন্বয় করা হবে।
সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘দাম বৃদ্ধির কোনো ঘোষণা আমরা দিইনি। তবে আমরা সবাই মিলে দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি। দাম বাড়লে সেটা ২০ শতাংশ হারে বাড়বে।’
আরও পড়ুন: ঢাকা উত্তর-দক্ষিণে প্রার্থী পরিবর্তনের পথে এনসিপি
তিনি বলেন, ‘আবার কিছু ক্ষেত্রে ওজন কমিয়ে দাম সমন্বয় করা হবে। অর্থাৎ ১০ টাকার রুটি ১০ টাকাই থাকবে। যেটা ৪০০ গ্রাম ছিল, সেটা হয়তো ৩৫০ গ্রাম বা ৩২০ গ্রাম হবে।’
জালাল উদ্দিন বলেন, ‘গত ছয় মাস যাবৎ ২৫–৩০ টাকার আটা ৪২ টাকা হয়ে গেল, ৩ হাজার টাকার ময়দার বস্তা ৫ হাজার ৬০০ টাকা হয়ে গেল, ২৫ হাজার টাকার ড্রামের তেল ৩৬ হাজার টাকা হয়ে গেল। এখন আমরা কী করতে পারি?’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গ্যাস-বিদ্যুতের সমস্যা, বাড়তি খরচ। আমরা টিকতে পারছি না। আমার কর্মচারী না খেয়ে থাকবে?’
এর মধ্যে কোনো বেকারি বন্ধ হয়েছে কি না জানতে চাইলে জালাল উদ্দিন বলেন, ‘না, বন্ধ হয়নি। তবে উৎপাদন কমিয়েছে। যে আগে পাঁচ বস্তা ময়দা ব্যবহার করত, সে এখন তিন বস্তায় চলে এসেছে।’
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
সমিতির তথ্যমতে, সারা দেশে ক্ষুদ্র বেকারির সংখ্যা প্রায় ৭ হাজার। এর মধ্যে রাজধানীতে রয়েছে সাত শতাধিক।
বেকারি মালিকদের দাবি, কাঁচামাল ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ ২০–৩০ শতাংশ বেড়েছে। অন্যদিকে গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন কমেছে ১০–১৫ শতাংশ। চলমান সংকট দীর্ঘ হলে ছয় মাসের মধ্যে বেকারি খাত ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন সমিতির নেতারা।

