সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য তা কার্যকর না হওয়ায় দেশের প্রায় ছয় লাখ শিক্ষক ও কর্মচারীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারির জোরালো দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জিএসটি গুচ্ছে বাড়ল আরেকটি ইউনিট
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বলেন, সরকারি কর্মচারীদের প্রজ্ঞাপন হলেও একই সুযোগ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত রাখা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের মৌলিক চাহিদা পূরণ এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেলের আলোকে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করা জরুরি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের জন্য একই প্রজ্ঞাপন জারির দাবিতে অপেক্ষা করে আসছেন। শিক্ষক নেতারা বলছেন, অবিলম্বে এই বৈষম্যের অবসান ঘটিয়ে প্রজ্ঞাপন প্রকাশ না করলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

