বৃহস্পতিবার শেষ হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন

জিটি রিপোর্ট

প্রকাশ:

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ|ছবি: সংগৃহীত

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি ও ২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট থেকে অনলাইনে এ বছরের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সময়ের মধ্যে অর্থাৎ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে নির্ধারিত নিয়ম ও বিলম্ব ফি প্রদান সাপেক্ষে পরবর্তী বর্ধিত সময়ে আবেদনের সুযোগ থাকবে।

বর্ধিত সময়সীমা ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে ১৩ সেপ্টেম্বরের পর কোনো পরীক্ষার্থীর নিবন্ধনের আবেদন আর গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের সব দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, নাজিমে তা’লিমাত ও অ্যাডমিনদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যোগ্য পরীক্ষার্থী যেন নিবন্ধন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শেষ মুহূর্তের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

এ ছাড়া আল-হাইআতুল উলয়ার অধীনস্থ সব কওমি শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরও নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসাগুলোকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!