রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের পেছনের সড়কে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলে বহু মানুষ দেয়ালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: সহকারী জজ নিয়োগে বড় বিজ্ঞপ্তি জুডিশিয়াল সার্ভিস কমিশনে, পদ ২৫০, আবেদন যেভাবে
পুলিশ জানিয়েছে, নিহতদের একজন নাছিমা বেগম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অপর এক পুরুষের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

