শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যকে প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ করে আন্দোলন করেছেন আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। পরে স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তারা এবং উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় আজ
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগটিতে ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। এতে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ডা. কে এম বাবর বলেন, বিষয়টি জানতে পেরে তিনি বিশ্ববিদ্যালয়ে যান এবং শিক্ষার্থীদের শিক্ষক সংকট নিরসনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে দ্রুত এ সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: সব অবস্থা থেকেই বিএনপি বারবার গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী
পরে এমপির আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে দাঁড়ান এবং উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুত শিক্ষক সংকট নিরসন করে আর্কিটেকচার বিভাগের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

