তীব্র গরম আর জ্বালানি সংকটজনিত দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যেই মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবছর সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে পরীক্ষার ঠিক আগমুহূর্তে বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় দিনে-রাতে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেকেই মোমবাতি বা হারিকেনের আলোয় পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। বরাবরের মতোই ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি— ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ
পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) দুপুরে দেশে ১ হাজার ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। তবে বাস্তব পরিস্থিতি আরও কঠিন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী থাকলেও বিদ্যুৎ সংকটে তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ রয়েছে, যার মধ্যে বড় কেন্দ্রগুলোও রয়েছে।
চট্টগ্রাম নগরের এক পরীক্ষার্থী জানায়, পরীক্ষার আগের রাতেও লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না। গরম ও অস্বস্তিকর পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন: নকল বাথরুমে পেলেও প্রতিষ্ঠানপ্রধানকে জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী
গ্রামাঞ্চলেও একই চিত্র। অনেক পরিবারের পক্ষে আইপিএস বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখা সম্ভব নয়। ফলে শিক্ষার্থীদের হারিকেন বা মোমবাতির ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের প্রস্তুতিকে আরও কঠিন করে তুলছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আপাতত লোডশেডিং চালু রাখা ছাড়া উপায় নেই। গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে সার্বিক বিদ্যুৎ ব্যবস্থায়।

