২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরিতে শিক্ষকদের তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা চিঠিতে বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এ নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর, থাকবে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, তাদের নাম ইটিআইএফ থেকে বাদ দিয়ে তথ্য সংশোধন করতে হবে।
বোর্ড বলেছে, ইটিআইএফের তথ্য সংশোধন না করায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা তৈরি হয়। এ কারণে পরীক্ষার আগে ইটিআইএফের তথ্য নির্ভুল ও হালনাগাদ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির পরিমাণ নির্ধারণ, ট্যালেন্টপুলে মাসে ৩০০ টাকা
চিঠিতে আরও বলা হয়েছে, বোর্ড থেকে ইটিআইএফ সংশোধনের কোনো সুযোগ নেই।
এ ছাড়া যেসব শিক্ষক এখনো ইটিআইএফে অন্তর্ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

