চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশিত হবে।
সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফলাফল দেখার বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এখন ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ড পরে জানাবে।

