আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ জুন (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
আরও পড়ুন : ই-রিকুইজিশনে ভুল তথ্য: ২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
সভায় ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত এইচএসসি-সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধও জানানো হয়েছে।

