কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে|ছবি: সংগৃহীত

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষা এবং এক বছর পিছিয়ে পড়ার আশঙ্কা এড়াতে চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ওই পরীক্ষায় উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে কোনো শিক্ষার্থীর মেধা বা ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ ও যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করা দায়িত্বশীল শিক্ষাব্যবস্থারই অংশ। তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা দাবি করছেন না; বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সুনির্দিষ্ট পাঁচ দফা দাবি উপস্থাপন করেন:

১. এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দ্রুত উদ্যোগ নেওয়া।

২. বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা ও অংশগ্রহণের যোগ্যতাসংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ।

৩. পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ এবং দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা।

৪. বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এসসি ইন ইসিই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

৫. অনিবার্য কারণে চলতি বছর পরীক্ষা আয়োজন সম্ভব না হলে, শর্তসাপেক্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা।

শিক্ষার্থীরা স্পষ্ট করেন, তাঁদের এই আন্দোলন কোনো বিশৃঙ্খলা বা সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে নয়; এটি একটি শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগ। সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!