অনলাইন ক্লাসে নেওয়ার চিন্তাভাবনা চলছে মেট্রোপলিটন এলাকায়: শিক্ষামন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন|ছবি: ফাইল ছবি

মেট্রোপলিটন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষাব্যবস্থা কীভাবে চালানো হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে।

আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, সারা দেশ তো আছে, বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তা এখনো চূড়ান্ত নয়।

মন্ত্রিপরিষে প্রস্তাব পাঠাবেন জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘বর্তমানে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এক গুচ্ছ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাব। সেখান থেকে অনুমোদন আসার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী আমাদেরকে শিক্ষাব্যবস্থার চলমান গতি অব্যাহত রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো বাস্তবায়ন করব।

আরও পড়ুন: ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর কথা ভাবছে সরকার

মন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে কী প্ল্যানিং করা যায়। এমনিতেই রোজার ছুটিতে ও বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে তো আমাদের স্কুল আওয়ার অনেক নষ্ট হয়েছে সেটাও আমাদেরকে দেখতে হবে।’

তিনি আরও বলেন, কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, তাহলে আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। তাই ভেবেচিন্তেই আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!