প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করল মন্ত্রণালয়

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী|ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় দেশব্যাপী ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি অর্জন করেছে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়।

মন্ত্রণালয় জানায়, নীতিমালা অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত থাকলেও চূড়ান্তভাবে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে, সাধারণ কোটায় সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)। ফলে এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি।

আরও পড়ুন: রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল ৫ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫.১১ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের একটি মাধ্যম নয়; এটি তাদের প্রতিযোগিতামূলক, দায়িত্বশীল ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলারও গুরুত্বপূর্ণ ধাপ। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মন্ত্রণালয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!