সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলজুতা বিতরণে পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত স্কুলজুতা বিতরণ করা হবে। এ উদ্যোগের আওতায় প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার রাজধানীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আরও পড়ুন: মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এল ৫ হাজার ৫৯৭ কোটি টাকা
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের স্কুলজুতা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, দ্রুত ও কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই সীমিত পরিসরে এ কার্যক্রম শুরু হচ্ছে। পরে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।
সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিতরণ করা জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বিত মান নিশ্চিত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে গুণগত বৈষম্য থাকলে শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি হতে পারে। তাই গ্রহণযোগ্য মান নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
আরও পড়ুন: বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও
এ লক্ষ্যে টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
সভায় বাটা, এপেক্স, প্রাণ-আরএফএল ও বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

