শিক্ষকদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী|ছবি: সংগৃহীত

শিক্ষকদের জীবনমান উন্নয়নে তাদের বেতন-ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (২৫ এপ্রিল) মাগুরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের এক অন্ধকার সময়ে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তারা শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস শেখানো এবং মেধা বিনষ্টের মাধ্যমে জাতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই অল্প সময়ের মধ্যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

আরও পড়ুন: এগিয়ে আসছে ভর্তি পরীক্ষা, যা জানালেন শিক্ষামন্ত্রী

নিতাই রায় চৌধুরী আরও বলেন, এমন এক সময় ছিল যখন পরীক্ষা ছাড়াই ৯৮ শতাংশ পাস করানোর মতো ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা সেই প্রবণতা থেকে বেরিয়ে এসে শিক্ষার প্রকৃত মান পুনরুদ্ধারে কাজ করছি।

কাজী শালীমা হক মহিলা ডিগ্রি কলেজের সভাপতি নেওয়াজ হালিমা আরলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহনুর জামান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!