দেশের আট বিভাগেই আলিয়া মাদরাসা সরকারি করার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের সাম্প্রতিক বেশ কয়েকটি সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদরাসা জাতীয়করণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আলোচিত হয়েছে বলে জানা গেছে। সরকারের নীতিনির্ধারকরা বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন এবং এর প্রয়োজনীয়তাও অনুভব করছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে সরকারি স্কুল-কলেজের পর্যাপ্ত উপস্থিতি থাকলেও সরকারি আলিয়া মাদরাসা রয়েছে মাত্র তিনটি। শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এই বৈষম্যের বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। বর্তমান সরকারের আমলেই মাদরাসা শিক্ষাখাতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জিএসটি গুচ্ছে বাড়ল আরেকটি ইউনিট
বর্তমানে দেশে সরকারি আলিয়া মাদরাসা রয়েছে মাত্র তিনটি—ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া, সিলেট সরকারি আলিয়া মাদরাসা এবং বগুড়ার সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা। এর বিপরীতে দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। যার মধ্যে দাখিল ৫,৭৬৭টি, আলিম ১,২৮৫টি, ফাজিল ৯৯৩টি এবং কামিল পর্যায়ের মাদরাসা রয়েছে ১৮৪টি। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার সংখ্যা ১,২৫৮টি।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এই উদ্যোগের বিষয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের তুলনায় মাদরাসা শিক্ষার্থীরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। বিভাগীয় পর্যায়ে মাদরাসা জাতীয়করণ করা হলে শিক্ষার্থীরা কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

