দীর্ঘদিনের অপেক্ষার পর বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাবে।
এর আগে ২০০১ সালে বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করা হলেও সেটি বাস্তবায়নের মুখ দেখেনি। এরপর গত প্রায় দুই দশকে দেশের বিভিন্ন জেলায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি।
বর্তমান সরকার এবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছে। বিলে বলা হয়েছে, বর্তমান বাস্তবতা ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি পাস হলে ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাতিল হবে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
নতুন আইনের আওতায় বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, জ্ঞানচর্চার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

