২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়ন করা উত্তরপত্র শিক্ষা বোর্ডে ফেরত দিতে হবে না। নির্ধারিত ছয় মাস সংরক্ষণের সময় শেষ হওয়ায় এসব খাতা বিক্রি করে দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: এসএসসি পাস করেও একাদশে ভর্তির আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী
বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের নামে বরাদ্দ করা উত্তরপত্র মূল্যায়নের পর নীতিমালা অনুযায়ী ছয় মাস সংরক্ষণ করা হয়েছে। সেই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে।
এ কারণে প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়ন করা উত্তরপত্র আর বোর্ডে ফেরত নেওয়া হবে না। তারা এসব খাতা বিক্রি করে দিতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রধান পরীক্ষককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয় ২৮ ডিসেম্বর। প্রথম তিন দিনের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর। ৩১ ডিসেম্বরের নির্ধারিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষা ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়। পরে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

