চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। অথচ এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন। ফলে পাস করেও একাদশে ভর্তির জন্য আবেদন করেনি ১ লাখ ৪৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ হয়। গত ২ সেপ্টেম্বর শুরু হয়েছিল এ আবেদন কার্যক্রম।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, একাদশে আবেদন না করা শিক্ষার্থীদের সবাই যে পড়ালেখা থেকে ঝরে পড়েছে, বিষয়টি এমন নয়। তাদের কেউ বিদেশে পড়তে যেতে পারে, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে। তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছিল।
পরে পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয় ১০ সেপ্টেম্বর। এতে আরও ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করে। সব মিলিয়ে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জনে।
সে হিসাবে এসএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ২২৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি।
কেন আবেদন করেনি এত শিক্ষার্থী?
প্রায় দেড় লাখ শিক্ষার্থীর একাদশে ভর্তির আবেদন না করার বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘পাস করা সবাই একাদশে ভর্তি নাও হতে পারে। অনেকে বিদেশে পড়ালেখা করতে যেতে চায়। অনেকে আবার পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়। পাশাপাশি নার্সিং সেক্টর রয়েছে, সেখানেও ভর্তি হয়।’
আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের চুরি-ঘুষে জনজীবনে নাভিশ্বাস: স্পিকার
তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বোর্ড চেয়ারম্যান বলেন, ‘হ্যাঁ, এসএসসি পাস করার পর কিছু শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনাও ঘটে। বিদেশে শ্রমিক হিসেবে অনেকে চলে যায়। তাছাড়া বাল্যবিয়ের ব্যাধি আমাদের সমাজে এখনো রয়েছে। ফলে মেয়েদের বাল্যবিয়ের ঘটনাও ঘটতে পারে। এর আগে অনেক প্রতিবেদনে এমন তথ্য উঠেও এসেছে। বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো।’
কলেজ পছন্দে ৫ থেকে ১০টি চয়েজ
একাদশে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে (চয়েজ) দিয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের পছন্দের কলেজে মনোনয়নের তালিকা তৈরি করা হবে।
আরও পড়ুুুুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

