সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বর্তমান শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই সিদ্ধান্ত জানান।
ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়নের জন্য শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: শিক্ষকদের জন্য হতে পারে আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান ১ অক্টোবর ২০২৬। আর ৪ অক্টোবরে তাঁদের পদায়ন করা হবে। গত ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: শিক্ষক দিবসে বড় উদ্যোগ: ১ কোটি টাকা সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক
নতুন শিক্ষকদের পদায়নের পর দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
নতুন শিক্ষকদের প্রশিক্ষণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সভা ডেকেছে। সেখানে নতুন শিক্ষকদের যোগদান, পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

