সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ সংসদীয় কমিটির

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি|ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদ পূরণ, নৈতিক শিক্ষা চালু এবং ফিডিং কার্যক্রমে পুষ্টি ও মান নিশ্চিত করার তাগিদ দিয়েছে তারা।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ নির্দেশ ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাহমুদা হাবিবা।

আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরিচিতি পর্বের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা একাডেমি এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সম্ভাব্য অর্থবছরের খাতওয়ারী বিভাজন, বাজেট, ব্যয় পরিকল্পনা ও ব্যয় বিভাজন পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

উপস্থাপিত বাজেটের ওপর আলোচনায় সংসদীয় কমিটির সদস্যরা দেশের প্রতিটি শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বরাদ্দকৃত বাজেট শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর জোর দেন।

শিক্ষার মাঠপর্যায়ের চিত্র সরাসরি তদারকি করতে বিদ্যালয় চালু থাকা অবস্থায় সংসদীয় কমিটির সদস্যদের সরেজমিনে শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শনের বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য হতে পারে আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী

এছাড়া বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা, প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ফিডিং কার্যক্রমে সঠিক কোয়ালিটি ও শিশুদের পুষ্টি নিশ্চিতের সুপারিশ করা হয়। ফিডিং কার্যক্রমে খাবারের মান নিশ্চিত না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে কমিটি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!