দীর্ঘ ১২ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও মনোয়ার হোসেন ডিপজল। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমায় ফের দেখা যাবে এই দুই অভিনেতাকে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে চিত্রনাট্য ও প্রাথমিক পরিকল্পনার কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। নতুন এই ছবিতে শাকিব-ডিপজলের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সিনেমাপাড়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আরও পড়ুন: ফোবানার ৪০তম আসরে নতুন চমক, মঞ্চে জায়েদ খান
এর আগে ২০১৪ সালে পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব ও ডিপজল। দীর্ঘ বিরতির পর ফের তাদের একই ছবিতে দেখা যাওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। হিমেল আশরাফ এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করে নিজের অবস্থান শক্ত করেছেন।
এবার শাকিব-ডিপজলের মতো দুই জনপ্রিয় তারকাকে নিয়ে বড় পরিসরে কাজের পরিকল্পনা করছেন তিনি। ফলে নতুন সিনেমাটি নিয়ে শুরু হয়েছে প্রত্যাশাও। বিশেষ করে নায়ক শাকিব খান ও খলনায়ক হিসেবে দীর্ঘদিনের পরিচিত ডিপজলের পর্দার রসায়নই হতে পারে ছবিটির অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
ডিপজলের স্বতন্ত্র সংলাপ বলার ধরন এবং শক্তিশালী অভিনয়ের সঙ্গে শাকিবের তারকাখ্যাতির সমন্বয় প্রেক্ষাগৃহে দর্শক টানতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে শাকিব খানকে। ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। এবার নতুন এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবারও দর্শক মাতানোর লক্ষ্য শাকিবের, আর তার সঙ্গে পুরোনো জুটি হিসেবে থাকছেন ডিপজল।

