গত মার্চে প্রথম সংসার ভাঙার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই ঘটনার চার মাসের মধ্যেই একসঙ্গে দুটি সুখবর জানালেন তিনি। দ্বিতীয়বার বিয়ের পাশাপাশি মা হতে যাওয়ার সংবাদও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন মৌসুমী হামিদ। অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনেত্রীর বর্তমান স্বামীর নাম আবদুল ওয়াদুদ সজীব। তিনি ডিজিটাল মিডিয়া ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতে কর্মরত। স্বামী সম্পর্কে মৌসুমী বলেন, 'আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।' দ্বিতীয় বিয়ে ও সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি
আরও পড়ুন: 'বিচার আল্লাহর কাছে দিলাম'—নির্বাচনে হেরে আবেগঘন পোস্ট পলির
এতদিন গোপন রেখেছিলেন বলেও জানান তিনি। মৌসুমীর ভাষ্য, 'আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।' কেন এতদিন বিষয়টি প্রকাশ করেননি, সে ব্যাখ্যায় অভিনেত্রী বলেন, 'অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এ জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। এ অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।' এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ। প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের পর ২০২৫ সালের নভেম্বরে তারা আলাদা থাকতে শুরু করেন। পরে চলতি বছরের মার্চে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করেন অভিনেত্রী। বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন জীবনের সূচনা করলেন মৌসুমী হামিদ। বর্তমানে দ্বিতীয় স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে সংসার করছেন তিনি এবং শিগগিরই তাদের প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন।

