৬২ বছরের ক্যারিয়ারে প্রথমবার শিল্পকলার মঞ্চে একক কনসার্টে রুনা লায়লা

জিটি ডেস্ক

প্রকাশ:

শিল্পকলা একাডেমির মূল মঞ্চে এটিই হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান
শিল্পকলা একাডেমির মূল মঞ্চে এটিই হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান|ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের বয়স ৬২ বছর। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য মঞ্চ মাতিয়েছেন তিনি। অথচ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে কখনো একক সংগীতানুষ্ঠান করা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছে শিল্পকলা একাডেমি ও শিল্পীর পক্ষ। বর্তমানে এই বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

আরও পড়ুন: যে নায়ককে কেউ বিশ্বাস করেনি, সেই দিলদারই লিখেছিলেন ইতিহাস

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। শুধু গানই নয়, দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা এবং শ্রোতাদের সঙ্গে গল্প-আড্ডাও থাকবে এই আয়োজনে।

অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লা বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গান গাওয়া হয়নি। তবে একক অনুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে।”

আরও পড়ুন: বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

এই আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে গান গাইলেও শিল্পকলা একাডেমির মূল মঞ্চে এটিই হবে তার প্রথম একক পরিবেশনা। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একই ধরনের বিশেষ আয়োজন করেছে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছেন রুনা লায়লা।

এদিকে শিল্পকলার অনুষ্ঠান শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন এই গুণী শিল্পী। চলতি মাসের শেষ দিকে তার অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।

ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে অসামান্য অবদান রেখে আসা রুনা লায়লার শিল্পকলা একাডেমিতে প্রথম একক সংগীতানুষ্ঠান তাই শুধু একটি কনসার্ট নয়, দেশের সংগীত ইতিহাসেরও একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!