৭৫ হাজার টাকার শাড়ি ঘিরে চলমান বিতর্কে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আগের মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত এ নির্দেশ দেন।
আরও পড়ুন: জন্মদিনে স্বপ্নের চেয়েও বড় উপলব্ধি তৌসিফের
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন সানায়া। ওই মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাদী। অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফোনে তিশা তাঁকে বলেন, ‘আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’
এদিকে নতুন মামলার খবরের মধ্যে সোমবার দিবাগত রাতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তানজিন তিশা। নিজের সম্মান ও ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে তিনি লেখেন, ‘অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তথ্যপ্রমাণও আছে। কিন্তু সেই সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে? আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা?’
আরও পড়ুন: সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম ছিল, জানালেন খায়রুল বাসার
বাদীর দাবি, আগের মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, তদন্তে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে হুমকি দেওয়া, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগসহ মামলার বিষয়গুলো এখনো বিচারাধীন প্রক্রিয়ার অংশ। অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

