সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম ছিল, জানালেন খায়রুল বাসার

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান
একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান|ছবি: সংগৃহীত

একসময় ছোট পর্দায় তাঁদের জুটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। একসঙ্গে একাধিক নাটকে অভিনয়ের সুবাদে খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে ঘিরে ছড়িয়েছিল প্রেমের গুঞ্জন। এত দিন বিষয়টি এড়িয়ে গেলেও এবার পুরোনো সেই সম্পর্কের কথা স্বীকার করলেন অভিনেতা খায়রুল বাসার। মাস দুয়েক আগে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বাসার জানান, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তাঁর প্রেমের সম্পর্ক ছিল।

তবে সেই সম্পর্কের ইতি ঘটেছে কয়েক বছর আগেই। বাসারের ভাষ্য, নাটকে জুটি হয়ে কাজ শুরুর আগেই একটি বিজ্ঞাপনের মাধ্যমে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, যা একসময় প্রেমের সম্পর্কে গড়ায়। তবে কেন তাঁদের সম্পর্ক ভেঙেছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।

আরও পড়ুন: জন্মদিনে পরীমনির নতুন চমক, প্রকাশ পেল ‘ফারজানা’র ফার্স্ট লুক

পুরোনো গুঞ্জন এড়িয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বাসার বলেন, “তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।” সম্পর্কের ইতি টানার পর বদলে যায় তাঁদের পেশাগত সমীকরণও। একটা সময় নিয়মিত একসঙ্গে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে পর্দায় তাঁদের উপস্থিতি কমতে থাকে।

প্রিয় জুটিকে আর একসঙ্গে দেখতে না পেয়ে দর্শকের মনেও তৈরি হয় নানা প্রশ্ন। এ প্রসঙ্গে বাসার বলেন, “আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।” একসময় পর্দার জনপ্রিয় জুটি, বাস্তবে প্রেমের সম্পর্ক—সবই এখন অতীত। দর্শকের আগ্রহ থাকলেও আপাতত একসঙ্গে অভিনয়ে ফেরার পথে হাঁটছেন না খায়রুল বাসার ও সাদিয়া আয়মান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!