ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করলেও প্রায় নয় বছর বিষয়টি গোপন রেখেছিলেন অপু। ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে হঠাৎ করেই নিজের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি। সেই ঘটনা তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে কেন এত বছর বিয়ের কথা গোপন রেখেছিলেন অপু? সম্প্রতি সামনে আসা এক পুরোনো রেডিও সাক্ষাৎকারে সেই কারণই ব্যাখ্যা করেছিলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চে হচ্ছে দেশের অর্থবছর
অপু বিশ্বাস জানান, মূলত ক্যারিয়ার ও সিনেমার বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই তিনি এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তার ভাষায়, ‘আমি বিবাহিত, ক্যারিয়ারের কারণেই এটা বলিনি।’ সে সময় তাদের ওপর অনেক সিনেমার বিনিয়োগ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে সন্তানের পরিচয়ের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছিলেন অপু। তিনি বলেন, একটি শিশুকে সমাজে তার পরিচয় নিয়ে বেড়ে উঠতে হয়। সন্তানের পরিচয় নিশ্চিত না হলে তিনি তাকে সেই পরিস্থিতিতে আনতেন না বলেও জানান।
শাকিব খানের পরিবারের প্রতিও নিজের সম্মান ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন অপু। যেহেতু শাকিব তার স্বামী এবং তার সঙ্গে একটি পরিবারকে ভাগ করে নিচ্ছেন, তাই সেই পরিবারের সম্মানকেও নিজের সম্মান হিসেবে দেখতেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে অপু বলেন, ‘যেহেতু সে আমার হাজবেন্ড, যেহেতু ওকে ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের।’ শাকিব খানের পরিবারের প্রতি শ্রদ্ধা থেকেই একসময় নিয়মিত নামাজ পড়া ও রোজা রাখার কথাও জানান অপু। পাশাপাশি হজে যাওয়ার আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। শাকিব খান একবার হজ করে আসার পর তাকে হজে যাওয়ার কথা বলেছিলেন বলেও জানান অভিনেত্রী।
আরও পড়ুন: হকারি থেকে জনপ্রিয় গীতিকার, শব্দেই নিজের ঠিকানা গড়েছেন মারজুক রাসেল
তবে অপু বিশ্বাসের বক্তব্য ছিল, ধর্মীয় বিষয়কে যথাযথভাবে ধারণ করার মতো প্রস্তুতি না হওয়া পর্যন্ত তিনি হজে যেতে চাননি। তার কাছে ধর্ম ছিল সম্মানের বিষয়; তাই এ বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাননি তিনি। নিজের মৃত্যু ও ধর্মীয় পরিচয় নিয়েও ওই সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন অপু। তিনি জানান, মৃত্যুর পর তার ধর্মীয় পরিচয় কীভাবে নির্ধারিত হবে—এ বিষয়টি নিয়েও তিনি ভেবেছেন। তার এই বিশ্বাস ও ভাবনার বিষয়টি শাকিব খানও জানতেন বলে দাবি করেন অভিনেত্রী।
অপুর বিশ্বাসের সেই পুরোনো বক্তব্য আবার সামনে আসায় শাকিব-অপুর সম্পর্কের সেই আলোচিত অধ্যায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সময় পেরিয়ে গেলেও আব্রামকে ঘিরে সেই ঘটনা এখনো ঢালিউডের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।

