ওপেনহাইমার’-এর সাফল্যের পর ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল সিনেমাপ্রেমীদের অপেক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে তাঁর বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি প্রদর্শিত হবে।
প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রকে নোলানের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। গ্রিক বীর ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্প নিয়েই এগিয়েছে ছবির কাহিনি।
আরও পড়ুন: শেষ জীবনে স্মরণীয় কাজের স্বপ্ন, পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন ববিতা
ট্রোজান যুদ্ধ শেষে নিজের রাজ্য ইথাকায় ফিরতে গিয়ে ভয়ংকর সমুদ্র, অজানা দ্বীপ, পৌরাণিক প্রাণী এবং দেব-দেবীর নানা বাধার মুখোমুখি হন ওডিসিউস। প্রায় দুই দশকব্যাপী সেই সংগ্রামই উঠে এসেছে এই মহাকাব্যিক সিনেমায়।
ছবিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলেম্যাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। এছাড়া অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।
আরও পড়ুন: ৬২ বছরের ক্যারিয়ারে প্রথমবার শিল্পকলার মঞ্চে একক কনসার্টে রুনা লায়লা
'দ্য ডার্ক নাইট' ট্রিলজি, 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার' ও 'ওপেনহাইমার'-খ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’ তাঁর চলচ্চিত্রজীবনের সবচেয়ে কঠিন ও বৃহৎ আয়োজন। মরক্কো, গ্রিস, ইতালি এবং আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। বিশাল যুদ্ধের দৃশ্য ও বাস্তব লোকেশনে নির্মাণে মাসের পর মাস প্রস্তুতি নিয়েছে পুরো ইউনিট।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নির্মাতার আশা, বড় পর্দায় দর্শক এক ভিন্নমাত্রার নিমগ্ন অভিজ্ঞতা পাবেন।
মুক্তির আগেই ট্রেলার, তারকাবহুল অভিনয়শিল্পী এবং নোলানের নির্মাণশৈলী ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফলে বক্স অফিস ও সমালোচকদের বিচারে ‘দ্য ওডিসি’ চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

