‘আজও অর্ধাঙ্গিনী’ ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

জিটি ডেস্ক

প্রকাশ:

সম্পর্কের নতুন গল্প নিয়ে ১০ জুলাই বড় পর্দায় ফিরছেন জয়া আহসান
সম্পর্কের নতুন গল্প নিয়ে ১০ জুলাই বড় পর্দায় ফিরছেন জয়া আহসান|ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ফিরছেন সম্পর্কের টানাপড়েন ও আবেগঘন এক গল্প নিয়ে। শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’–এর ট্রেলার। ট্রেলার প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ট্রেলারটি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। সম্পর্কের নানা রূপ তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়।

আরও পড়ুন: নিয়মিত অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই ফিরতে চান পপি

এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’–এর সিক্যুয়েল। প্রথম কিস্তিতে সম্পর্কের ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার সূক্ষ্ম গল্প দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছিল। সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের। দর্শকদের প্রত্যাশা পূরণ করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আগের কিস্তির মতোই অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। নতুনভাবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। এখন দেখার বিষয়, প্রথম চলচ্চিত্রের আবেগময় সাফল্যের ধারাবাহিকতা নতুন এই অধ্যায় কতটা ধরে রাখতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!