বিশ্ব বাবা দিবস ও বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রয়াত সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তার মেয়ে, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাবার স্মৃতি, সংগীতচর্চা এবং বর্তমান সংগীতাঙ্গন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। শনিবার (২১ জুন) নিজের ফেসবুক পোস্টে ফাহমিদা নবী লেখেন, “আজ বাবা দিবস। আজ সংগীত দিবস। সংগীত পরিবার, সংগীত নিয়ে বসবাস যাদের, তাদের স্মৃতিচারণে সুর বিষয়টাই বেশি করে প্রতীয়মান হয়ে ওঠে। একজন শিল্পী মাহমুদুন্নবী বেশি প্রধান হয়ে ওঠেন কিছু লিখতে গেলে। সবার ভালোবাসায় গানে গানে যার বেঁচে থাকা শ্রোতার মনে। আমাদের গর্ব হয়। আর বাবা তো ছায়া সব সন্তানের কাছেই। সে ছায়া চিরকালের জন্যই। বাবাকে শুধু একজন অভিভাবক নয়, একজন অনন্য শিল্পী হিসেবেও স্মরণ করেন ফাহমিদা। তিনি লেখেন, “বাবা হিসেবে শুধু নয়, একজন প্রিয় শিল্পী মাহমুদুন্নবী যুগে যুগে একবারই আসে।
আরও পড়ুন: ‘ব্ল্যাক’ এ প্রতিবাদী কুলি হয়ে ফিরছেন ওমর সানী
যাকে মানুষ ভালোবাসে তার সুরের অলংকরণ ও বিনয়ের কারণে। আজও মানুষ বলে, কত ভালো মানুষ ছিলেন, কত বড় বিনয়ী শিল্পী ছিলেন।” নিজের জীবনে বাবার প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, “আব্বা আমার আয়না। আমি আমাকে দেখি সেই আয়নায়। আমার পরিবার, ভাই-বোন, আম্মা, আমাদের সন্তানরা ও বাবার শ্রোতারা—প্রত্যেকেই সেই আয়নার অংশ। সেই আলোয় পথ চলার সাহস ও ধৈর্য পেয়েছি।” পোস্টে বর্তমান সংগীতাঙ্গন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী। তিনি মনে করেন, এখন শিল্পীর চেয়ে তারকার সংখ্যা বেশি। এ প্রসঙ্গে তিনি লেখেন, “আজকের শিল্পচর্চার দেয়াল দেখি আর ভাবি, একজন মাহমুদুন্নবী হয়ে ওঠার জন্য শিল্পী নেই, আছে তারকার ভিড়।” ফাহমিদা নবী আরও বলেন, শ্রোতাদের ভালোবাসা ও সম্মানই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন। বাবাকে আজও মানুষের হৃদয়ে অমর করে রাখার জন্য তিনি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাহমুদুন্নবীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। বাবা দিবসের এই আবেগঘন স্মৃতিচারণে উঠে এসেছে একজন কন্যার কাছে তার বাবার অবস্থান, একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা এবং বাংলা সংগীতাঙ্গনের প্রতি তার গভীর ভালোবাসা।

