‘ব্ল্যাক’ এ প্রতিবাদী কুলি হয়ে ফিরছেন ওমর সানী

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রায় তিন দশক পর সেই স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনছে ‘ব্ল্যাক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
প্রায় তিন দশক পর সেই স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনছে ‘ব্ল্যাক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র|ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী আবারও ফিরছেন তার দর্শকপ্রিয় ‘কুলি’ চরিত্রে। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই চরিত্রে দেখা যাবে তাকে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওমর সানী। প্রায় তিন দশক পর সেই স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনছে ‘ব্ল্যাক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ও পরিবেশ ফুটিয়ে তুলতেই শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ব্যস্ত এই স্থানটি। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমি এখানে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। দর্শক পর্দায় দেখেই বিষয়টি উপভোগ করুন।

আরও পডুন: দুই বছর পর ওটিটিতে অপূর্ব, ‘হেডলাইন’-এ অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়

‘ব্ল্যাক’ পরিচালনা করছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতা জানান, এটি একটি ভিন্নধর্মী গল্পের কাজ, যেখানে মাদক ব্যবসা ও সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা তুলে ধরা হয়েছে। মহিন খান আরও বলেন, “ওমর সানী এখানে একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন, যিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার। নতুন আঙ্গিকে গল্পটি উপস্থাপন করা হয়েছে। দর্শক চরিত্রটি পছন্দ করবেন বলে আশা করছি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতারা চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও ভালো গল্প ও চরিত্র পেলে এখনও ক্যামেরার সামনে দাঁড়ান। সেই ধারাবাহিকতায় ‘ব্ল্যাক’-এ তার এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!