সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট এবং ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ উঠেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
বাঁধনের অভিযোগ, ‘মারুফ খান মুন্না’ নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: তারকাদের আদালতে টানা ‘অধঃপতন’, বললেন নুসরাত ফারিয়া
ঘটনাটিকে অনলাইন হয়রানি হিসেবে উল্লেখ করে বাঁধন প্রশ্ন তুলেছেন, নারীর নিরাপত্তার কথা বলা রাজনৈতিক দলগুলোর সমর্থকদের আচরণ যদি এমন হয়, তাহলে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে।
নিজের পোস্টে ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়টিও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি আইনগতভাবেও গুরুতর বিষয়। ভয় দেখিয়ে, আতঙ্ক তৈরি করে কিংবা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি নিয়েও সতর্ক করেছেন তিনি। তবে এসব ঘটনায় তিনি ভীত নন—এ কথাও স্পষ্ট করেছেন বাঁধন। তার দাবি, তাকে সহজে দমানো সম্ভব নয়। জীবনের কঠিন সময় পার হয়ে আসার অভিজ্ঞতা থেকেই তিনি এখন অনেক বেশি দৃঢ়।
আরও পড়ুন: মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে!’ জামিনের পর তিশার ক্ষোভ
পোস্টের শেষ দিকে বাঁধন লেখেন, ‘মনে রেখো আমি ডাইনি।’ তার এই মন্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব থাকার জন্য পরিচিত বাঁধন। এবার নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও অনলাইন হয়রানির অভিযোগ সামনে এনে আবারও দৃঢ় অবস্থান জানালেন এই অভিনেত্রী।

