ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
সাফা কবির লিখেছেন, বাঁধন ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা, হয়রানি বা আতঙ্ক নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ভেনিসে হেনস্তার অভিযোগ বাঁধনের
শিল্পীদের রাজনৈতিক বিরোধের মধ্যে টেনে আনার সমালোচনা করে সাফা লিখেছেন, একজন শিল্পীর সত্য, ন্যায় ও মানুষের পক্ষে কথা বলার স্বাধীনতা থাকা উচিত। সেই কারণে তাঁকে বারবার মূল্য দিতে হবে কেন—এ প্রশ্নও তোলেন তিনি। দেশের কিছু মানুষের আচরণের কারণে আন্তর্জাতিক অঙ্গনে পুরো বাংলাদেশের নাগরিকদের নেতিবাচকভাবে দেখা হতে পারে উল্লেখ করে সাফা বলেন, এর প্রভাব সাধারণ বাংলাদেশিদের ওপরও পড়তে পারে।
বিশেষ করে বিদেশে সম্মান, ভিসা ও চলাচলের ক্ষেত্রেও এর বিরূপ প্রভাব তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি যেন সাময়িক আলোচনার পর হারিয়ে না যায়, সেই আহ্বানও জানান সাফা।
আরও পড়ুন: দুই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্ব পেলেন স্পিকার
তাঁর মতে, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি শুধু ব্যক্তিগত নয়; এর সঙ্গে সমাজ ও দেশের ভাবমূর্তিও জড়িত। সাফা কবিরের পোস্টে বাঁধনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

