ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন জানান, ভাই ও পরিবারের একটি শিশুকে নিয়ে পার্কে গেলে কয়েকজন বাঙালি তাঁকে ঘিরে হেনস্তা করেন। তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পানি ও কোমলপানীয় ছোড়া হয়, গায়ে হাত তোলা হয় এবং তাঁর ফোন ফেলে দেওয়া হয়। কানের কাছেও আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ছয় দশকের অভিনয়যাত্রা, ৮২-তে আবুল হায়াত
বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন নিজেদের নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন। তাঁকে ‘জুলাই যোদ্ধা’ উল্লেখ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল বলে জানান বাঁধন। অভিনেত্রী আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তাঁর ধারণা, সেই ভূমিকার কারণেই ভেনিসে তাঁকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন বাঁধন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, ঢাকায় গোয়েন্দা প্রতিনিধিদলের বার্তা
এ ঘটনায় ভেনিসের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভেনিস চলচ্চিত্র উৎসরে বাংলাদেশ থেকে যাওয়া একটি সিনেমায় অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। উৎসবে তাঁর অংশগ্রহণের মধ্যেই এ হামলার অভিযোগের ঘটনা ঘটে।

